বিশ্বের প্রথম ক্লোনিং উটের আজ জন্মদিন



২০০৯ সালের এই দিনে দুবাইয়ের রিপ্রডাক্টিভ বায়োটেকনোলজি সেন্টারে ৫ বছরের গবেষণার ফল হিসেবে জন্ম হয়েছিল বিশ্বের প্রথম ক্লোন করা উট ‘ইনজাজ’। আজ ৮ এপ্রিল ইনজাজের ১০ম জন্মদিন।

আরবি শব্দ ‘ইনজাজ’ এর অর্থ হচ্ছে ‘অর্জন’। ইন-ভিটরো ফার্টিলাইজেশন (আইভিএফ) এবং সোমাটিক সেল নাকলার ট্রান্সফার টেকনোলজির (ক্লোনিং) সফল প্রয়োগ করা হয় ইনজাজের ওপর।

ইনজাজ একটি মাদী উট। ক্লোনিংয়ের মাধ্যমে সফলভাবে পৃথিবীতে এনেছেন দুবাইয়ের রিপ্রোডাকটিভ বায়োটেকনোলজি সেন্টারের সায়েন্টিফিক ডিরেক্টর ড. নিসার আহমেদ ওয়ানি।

স্বাভাবিক উট সাধারণত ৪০ বছর বাঁচে। সেদিক দিয়ে ক্লোন তার জীবনের চার ভাগের একভাগ কাটিয়ে ফেলেছে। শুধু তাই নয়; সে গর্ভবতীও হয়েছিল এবং দুটি সুস্থ বাচ্চাও প্রসব করেছে।

ড. নিসার ওয়ানি বলেছেন, ‘ইনজাজ আমাদের প্রথম সফল ক্লোন করা উট। অন্য দশটি উটের মতোই সুস্থ এবং স্বাভাবিকভাবে গত ১০ বছর সে কাটিয়ে দিয়েছে। স্বাভাবিক জৈবিক উপায়েই সে দুটি সুস্থ বাচ্চার জন্ম দিয়েছে। তার দশম জন্মদিন আমরা কেক কেটে উদযাপন করব। শুভ জন্মদিন ইনজাজ।’

ড. নিসার ওয়ানির ভাষায়, ‘ক্লোনিংয়ের মাধ্যমে আমরা কোনো প্রাণীর হুবহু নকল তৈরি করে দিতে পারি। এই প্রযুক্তি বিশেষ করে রেসের উটগুলোর জন্য খুব কাজের। ক্লোনিংয়ের মাধ্যমে আমরা দুর্দান্ত রেসার কোনো উটের হুবহু রেপ্লিকা বানাতে পারি। আমাদের রিসার্চ সেন্টারে গত ১০ বছরে অর্ধশতাধিক উট ক্লোন করেছি। যার অনেকগুলোই ব্যক্তিগত অর্ডার ছিল।’

দুবাইয়ের ওই গবেষণাগারে নিয়মিতভাবেই উটের ক্লোনিং করেন বিজ্ঞানীরা। শুধু ‘ইনজাজ’ একমাত্র উট নয় প্রতিনিয়ত সেখানে গবেষণা করা হচ্ছে, ক্লোনিং করা হচ্ছে।