বলিউড একের পর এক বায়োপিক করে যাচ্ছে। খেলোয়াড় থেকে শুরু করে রাজনীতিবিদ কেউ এর বাইরে নন। সবারই বায়োপিক দেখা যায় কম বেশি।
এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে এক বায়োপিক হয়েছে যা মুক্তি পাবে ১১ এপ্রিল। এরই মধ্যে শোনা যাচ্ছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নিয়েও বায়োপিক হবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র সিং মোদির বায়োপিককে ঘিরে কম জলঘোলা হয়নি। লোকসভা নির্বাচনের আগে মোদির ওপর নির্মিত ছবিটি মুক্তি পাচ্ছে, বিভিন্ন রাজনৈতিক দল এর বিরোধিতা করেছে। সিদ্ধান্তের জন্য উচ্চ আদালতে পর্যন্ত যেতে হয়েছে। অবশেষে ছবিটি মুক্তি পাবে ১১ এপ্রিল।
‘পিএম নরেন্দ্র মোদি’ ছবিতে মোদির চরিত্রে দেখা যাবে বলিউড তারকা বিবেক ওবেরয়কে। এবার তিনি রাহুল গান্ধীর চরিত্রে অভিনয় করতে চান। তবে কিছু শর্ত দিয়েছেন তিনি।
‘পিএম নরেন্দ্র মোদি’ ছবির প্রচারণার সময় বিবকে ওবেরয় সাংবাদিকদের মুখোমুখি হলে বলেন, ‘এই ছবিটি ভীষণই প্রেরণাদায়ক। দর্শক যখন এই ছবিটি দেখবেন, তখন দেশের জন্য কিছু করার ইচ্ছা তৈরি হবে।’
সংবাদিকরা বিবেকের কাছে জানতে চান, তিনি রাহুল গান্ধীর ওপর নির্মিত বায়োপিকে কাজ করতে চান কিনা? এই বলিউড তারকা বলেন, ‘যদি রাহুল গান্ধী নিজের জীবনে এমন কোনো কাজ করেন, যা প্রেরণাদায়ক—আর আমি আশা করি, তিনি আগামী সময়ে দেশের জন্য অনেক কিছু করবেন—তাহলে আমি নিশ্চয় তাঁর চরিত্রে অভিনয় করব।’
‘পিএম নরেন্দ্র মোদি’ সিনেমার পর বিজেপি বিবেকের কাঁধে দায়িত্ব তুলে দেন। লোকসভা নির্বাচনের প্রচারের জন্য এক তালিকা প্রকাশ করা হয় যেখানে এই বলিউড তারকা বিবেক ওবেরয়ের নামও রয়েছে।
এই বলিউড নায়কের নাম বিজেপির শীর্ষ এবং তারকা প্রচারকের তালিকায় আছে। এই তালিকায় রাজনাথ সিং, সুষমা স্বরাজ, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামও আছে।
এখন এটাই দেখার বাকি শেষ পর্যন্ত বিবেক ওবেরয়কে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বায়োপিকে দেখা যাবে কিনা!

