নুসরাতকে সিঙ্গাপুরে না পাঠানোর পরামর্শ, মামলার এজাহারেও পরিবর্তন


nusrat jahan #paperslife

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাত জাহান রাফি এখন লাইফ সাপোর্টে। অগ্নিদগ্ধ নুসরাতের অবস্থা সংকটাম্পন্ন হওয়ায় তাকে সিঙ্গাপুরে পাঠানো নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে নুসরাতকে এখন সিঙ্গাপুরে পাঠানো সম্ভব নয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাতের বিষয়ে সিঙ্গাপুরের চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করে মেডিকেল বোর্ড। গণমাধ্যমকে সেই বিষয়ে ব্রিফ করেন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক সামন্তলাল সেন।

তিনি বলেন, ‘নুসরাতকে এই মুহূর্তে সিঙ্গাপুরে না পাঠানোর পরামর্শ দিয়েছেন সেই দেশের চিকিৎসকরা।’

এদিকে ফেনীতে মাদ্রাসা ছাত্রীকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টা মামলার এজাহার পরিবর্তন করা হয়েছে। নতুন এজাহারে মাদ্রাসার অধ্যক্ষকে প্রধান আসামি রেখে আরও সাত জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। তাদের সঙ্গে আসামি রাখা হয়েছে বোরকা পরিহিত অজ্ঞাতনামা চার জন ও তাদের সহযোগীদের।

সোমবার (৮ এপ্রিল) রাতে মামলার এজাহার পরিবর্তন করা হয়। পরিবর্তন করে যুক্ত করা বাকি আসামিরা হলেন, সোনাগাজী পৌর কাউন্সিলর মকসুদুল আলম, প্রভাষক আবছার উদ্দিন, মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শামীম, সাবেক ছাত্র নুর উদ্দিন, জাবেদ হোসেন, জোবায়ের আহম্মদ ও হাফেজ আবদুল কাদের।

এর আগে, শুরুতে ওই মামলায় মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ্দৌলাকে প্রধান আসামি করে অজ্ঞাত পরিচয় চার জন ও তাদের সহযোগীকে আসামি করা হয়েছিল।