এবার খাবার সরবরাহকারী রোবটে আগুন!



মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলে ক্যাম্পাসে কিউইবট এর তৈরি স্বচালিত রোবট খাবার সরবরাহের কাজে ব্যবহৃত হত। সম্প্রতি শিক্ষার্থীরা একটি রোবটে আগুন লাগতে দেখে। মানুষের ভুলের কারণে এমনটি হয়েছে বলা দাবি নির্মাতা প্রতিষ্ঠানের।

স্বচালিত রোবটের আগুন লাগার ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্মাতা প্রতিষ্ঠান কিউই জানায়, ‘ত্রুটিপূর্ণ ব্যাটারির কারণে এমনটা হয়েছে। দূর্ঘটনাবশত এটি রোবটে লাগানো হয়েছিল’।

কিউই থেকে জানা যায়, ‘আমাদের রোবটের একটি ব্যাটারি থেকে ধীরে ধীরে ধোঁয়া উঠতে শুরু করে এবং ছোট অগ্নিশিখা তৈরি হয়। পাশে থাকা একটি অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে এক ব্যক্তি দ্রুত আগুন নিভিয়ে ফেলেন।’

রোবটের দুর্ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১৭ সালে একটি নিরাপত্তা টহল রোবট পানির ফোয়ারার মধ্যে ডুবে যায়। ২০১৮ সালের ডিসেম্বরে অ্যামাজনের গুদামে একটি রোবটের দুর্ঘটনায় কয়েক জন কর্মী আহত হন।

আর এবার ক্যালিফোর্নিয়ায় খাবার সরবরাহকারী রোবটে আগুন লাগার পর কিউই সবগুলো স্বচালিত যান বন্ধ করেছে। স্বচালিত রোবটের বদলে এখন মানব কর্মী দিয়ে খাবার সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, ‘এধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য যথাযথ পদক্ষেপ নিশ্চিত করা হবে। প্রতিটি ব্যাটারির অবস্থা পর্যবেক্ষণ করতে একটি কাস্টম সফটওয়্যার ব্যবহার করছে কিউই।’

কিউই প্রতিষ্ঠানের তৈরি স্বচালিত রোবট এ পর্যন্ত দশ হাজারের বেশি খাবার সরবরাহ করেছে।