ইকুয়েডরের সঙ্গে আশ্রয় চুক্তি বাতিলের পর পরই লন্ডনে দেশটির দূতাবাস থেকে উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ।
এ বিষয়ে ব্রিটিশ পুলিশ জানিয়েছে, আদালতে হাজির হতে ব্যর্থ হওয়ায় তাকে গ্রেফতার করা হয়। তাকে দ্রুত ওয়েস্ট মিনস্টার আদালতে হাজির করা হবে।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক টুইটে উইকিলিকস জানিয়েছে লন্ডনে সে দেশের দূতাবাস থেকে জুলিয়ান অ্যাসাঞ্জকে যে কোনো সময় বের করে দেয়া হবে।
এদিকে জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞ নিলস মেলজার মনে করছেন, অ্যাসাঞ্জ দূতাবাসের বাইরে এলেই যুক্তরাজ্য তাকে আটক করে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে।
জাতিসংঘের নিপীড়ন বিষয়ক ওই বিশেষ দূত আশঙ্কা প্রকাশ করেছেন, এতে ভয়াবহ নিপীড়নের শিকার হতে পারেন বিকল্প সাংবাদিকতার উদাহরণ সৃষ্টিকারী এই অ্যাকটিভিস্ট। ব্যক্তিগত গোপনীয়তা সংক্রান্ত জাতিসংঘ বিশেষজ্ঞ জো ক্যানাসাটি এ মাসেই অ্যাসাঞ্জের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছেন। জাতিসংঘ কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালের জুন থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে আছেন উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

