বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুতির পর সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে গ্রেফতার করা হয়েছে। আগামী ২ বছর অন্তর্বর্তীকালিন সরকারের দায়িত্ব পালন করবে দেশটির সেনাবাহিনী।
এর আগে বৃহস্পতিবার উত্তর দারফুরের উৎপাদন ও অর্থনীতি মন্ত্রী আদেল মাহজুব হুসেইন দুবাইভিত্তিক আল হাদাত টেলিভিশনকে এ খবর নিশ্চিত করেন।
উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে গত ৩০ বছর ধরে প্রেসিডেন্ট হিসেবে দেশটিকে নেতৃত্ব দিয়ে আসছিলেন বশির। কিন্তু গত কয়েক মাস ধরে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছিল। তিন দশকের ক্ষমতার মেয়াদে প্রেসিডেন্ট বশির এই প্রথম বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন।
চলতি সপ্তাহের প্রথমদিকে সৈন্যরা গোয়েন্দা সংস্থা ও নিরাপত্তা বাহিনীর উর্দি পরা সদস্যদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল। নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাজধানী খার্তুমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হওয়া কয়েক হাজার সরকারবিরোধী বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টাকালে সেনা সদস্যরা তাদের বাধা দেয়।

