সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কয়েলগাতি এলাকায় কলকাতা থেকে ছেড়ে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেসের ধাক্কায় ভটভটির চালকসহ তিনজন নিহত হয়েছেন।
শনিবার বেলা দেড়টার দিকে ওই এলাকার অরক্ষিত রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন কামারখন্দ বড়কুড়া গ্রামের রহম আলীর ছেলে ভটভটি চালক সূর্য মিয়া (৩৫), গরু ব্যবসায়ী পাকুরিয়া গ্রামের বিশা মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩৭) ও আবদুল হামিদের ছেলে নেহার মিয়া (৩৬)। এ দুর্ঘটনায় আরও পাঁচ গরু ব্যবসায়ী আহত হন। তারা ভটিভটিতে করে গরু নিয়ে যাচ্ছিলেন।
এ বিষয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নাজির বলেন, শ্যালো ইঞ্জিনচালিত ওই ভটভটি গরু নিয়ে রেললাইন পার হচ্ছিল। এ সময় কলকাতা থেকে আসা ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয় ভটভটিকে। এতে ঘটনাস্থলেই ভটভটির চালক মারা যান।

