সুদানের শাসক ওমর আল-বশিরকে সরিয়ে ক্ষমতা গ্রহণের একদিন পরে পদত্যাগে বাধ্য হলেন সুদানের সামরিক পরিষদের প্রধান আওয়াদ ইবনে অউফ।
শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে একটি ঘোষণায় পদত্যাগ করার এই তথ্য জানান সামরিক কাউন্সিলের প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী আওয়াদ ইবন আউফ।
উত্তরসুরী হিসেবে তিনি লেফটেনেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আবদেলরহমান বুরহানের নামও ঘোষণা করেন। এর আগে বশিরকে ক্ষমতা থেকে সরিয়ে অউফের নেতৃত্বাধীন সামরিক পরিষদ দেশ পরিচালনার ভার নেওয়ার কথা জানালেও বিক্ষোভকারীরা সড়ক থেকে সরেনি।
তবে সেনাবাহিনী দাবি করছে, তারা ক্ষমতায় থাকতে চায় না এবং সুদানের ভবিষ্যৎ নির্ধারিত হবে আন্দোলনকারীদের সিদ্ধান্ত অনুযায়ী।
তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় ডিসেম্বর থেকে শুরু হওয়া কয়েকমাসের বিক্ষোভের জের ধরে ওমর আল-বশিরকে সরে যেতে হয়েছে।
আন্দোলন চলার সময় অন্তত ৩৮জন বিক্ষোভকারী নিহত হয়েছে।

