১৫ লাখ ব্যবহারকারীর ‘কন্টাক্ট লিস্ট’ নিয়েছে ফেসবুক


ফেসবুকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ১৫ লাখ ব্যবহারকারীর ইমেইল ‘কন্টাক্ট লিস্ট’ নিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে।

এ বিষয়ে ফেসবুক কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ২০১৬ সালের মে মাসের পর থেকে নতুন ব্যবহারকারীদের ভেরিফিকেশনের জন্য ই–মেইল পাসওয়ার্ড চেয়েছিল ফেসবুক। ওই সময়ই ব্যবহারকারীদের না জানিয়েই তাদের ইমেইল কন্টাক্ট লিস্ট আপলোড করা হাচ্ছিল। গত মার্চে ফেইসবুক কর্তৃপক্ষ ওই অপশনটি বন্ধ করে দেয়। এই সময়ে ১৫ লাখের মত ব্যবহারকারীর ইমেইল কন্টাক্ট লিস্ট আপলোড হয়ে থাকতে পারে। এসব তথ্য অন্য কারও হাতে যায়নি। আমরা সেসব কন্টাক্ট লিস্ট মুছে ফেলেছি। যাদের তথ্য নেওয়া হয়েছিল তাদেরও বিষয়টি আমরা জানিয়ে দেব।

সম্প্রতি এক প্রতিবেদনে বিজনেস ইনসাইডার জানায়, নতুন অ্যাকাউন্ট খোলার সময় ব্যবহারকারীকে না জানিয়ে বা তার সম্মতি না নিয়েই তার কন্টাক্ট লিস্টের তথ্য নিয়ে নিচ্ছে ফেইসবুক।

ব্যবহারকারীদের তথ্যে গোপনীয়তা নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বড় ধরনের কেলেঙ্কারির মধ্যে দিয়ে যেতে হয়েছে ইন্টারনেটে বিশ্বের সবচেয়ে বড় সোশাল মিডিয়া নেটওয়ার্ক ফেসবুককে। গত বছরের শেষ দিকে ফেসবুকে বড় ধরনের একটি নিরাপত্তা ত্রুটি ধরা পড়ে, যার মাধ্যমে ৬০ কোটির মত অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ বেহাত হওয়ার ঝুঁকি তৈরি হয়।