বিজিএমইএ ভবন ভাঙতে খরচ দুই কোটি টাকা



রাজধানীর হাতিরঝিলে তৈরি পোশাক রপ্তানিকারকদের গড়ে তোলা বিজিএমইএর অবৈধ ভবনটি ভাঙার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এছাড়াও, আদালত ভবনটি ভাঙতে বিজিএমই কেই এর খরচ বহনের আদেশ জারি করেছে।

তবে রাজউকের প্রতিবেদনে বলা হয়, বিজিএমই ভবনটি ভাঙতে প্রায় দুই কোটি টাকা খরচ হবে। যদিও তারা উল্লেখ করেছে যে, ১৫ তলা বিশিষ্ট এই ভবনটি ভেঙ্গে তার অংশগুলো বিক্রির মাধ্যমেই খরচ হওয়া এই অর্থ উঠে আসবে।

ভবন ধ্বংসের ব্যয় বিষয়ে সরকারের সাথে আলোচনা করতে চেয়েছেন বিজিএমইএর বিদায়ী সভাপতি সিদ্দিকুর রহমান।

তবে, এ বিষয় নিয়ে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম জানান, ধ্বংসাবশেষ বিক্রির টাকায় খরচ মেটাতে না পারলে বিজিএমইএর কাছ থেকে টাকা আদায় করা হবে।

রাজউকের প্রধান প্রকৌশলী ও হাতিরঝিল প্রকল্পের পরিচালক এ এস এম রায়হানুল ফেরদৌস বুধবার জানান, ভবনটি ভাঙতে প্রায় দুই কোটি টাকা খরচ হতে পারে। এছাড়াও, ভবনটির দুটি বেইজমেন্টসহ ১৫ তলা ভাঙার পর ব্যবহারযোগ্য মালামাল কেনায় আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ইতোমধ্যেই দরপত্র আহ্বান  করেছে রাজউক কত্ত্রিপক্ষ। এবং আগ্রহীদেরকে আগামী ২৪ এপ্রিল বিকাল ৪টার মধ্যে রাজউক চেয়ারম্যান বরাবর আবেদন করতে বলা হয়েছে।

দরপত্র সম্পর্কিত এ ঘোষণায় আরও বলা হয়েছে যে, ভবনটি ভাঙার জন্য আলাদা কোনো অর্থ দেওয়া হবে না। যারা ভবন ভাঙবেন তারাই শুধুমাত্র মালামাল কেনার দরপত্র দাখিল করতে পারবেন। যে ব্যক্তি বা প্রতিষ্ঠান সর্বোচ্চ মূল্য বলবেন, কেবলমাত্র তাদেরই প্রস্তাব গ্রহণ করা হবে।