চিকিৎসাজগতে প্রথম এবং বড় ধরনের উদ্ভাবন করা হয়েছে। সম্প্রতি ইসরায়েলের গবেষকরা মানুষের টিস্যু ব্যবহার করে প্রথমবার থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে হৃদযন্ত্র তৈরিতে সফল হয়েছেন।
এএফপির এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে এ বিষয়টি। এতে করে হৃদযন্ত্র প্রতিস্থাপনের সম্ভাবনার বিষয়টি আরও একধাপ এগিয়ে গেল।
তেল আবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, খরগোশের হৃদযন্ত্রের আকারের ওই হৃদযন্ত্র তৈরির কথা। এই প্রকল্পের একজন গবেষক বলেন, ‘বিশ্বের প্রথম প্রিন্ট করা ও সফলভাবে প্রকৌশল প্রয়োগ করে পুরো হৃদযন্ত্র তৈরি করা হয়েছে।’

গবেষক আরও বলেন, ‘এর আগে হৃদযন্ত্রের থ্রিডি প্রিন্টেড কাঠামো তৈরি করা হয়েছে, তবে তা কোষ ও রক্তনালিযুক্ত ছিল না। এতে কোষ ব্যবহার করে তৈরি হৃদযন্ত্রে রক্তনালি, ভেন্ট্রিকেল ও চেম্বার রয়েছে।’
কিছুদিন আগে গবেষকরা তেল আবিব বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সামনে চেরি ফলের সমান একটি হৃদযন্ত্র প্রদর্শন করেন। পুরোপুরি থ্রিডি প্রিন্ট করা হৃদযন্ত্র প্রতিস্থাপন করতে গেলে আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে।
এই গবেষণার মধ্য দিয়ে চিকিৎসা জগৎ এক নতুন মাত্রা পেয়েছে। যার ফলে ভবিষ্যতে সবাই এর সুফল পাবেন বলে ধারণা করছেন গবেষকরা।

