রোনালদো থাকবেন, নাকি… ?



রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে এসেছিলেন নতুন চ্যালেঞ্জ নিতে। ইংল্যান্ড, স্পেনের পর ইতালি রাজত্ব করতে চেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

প্রায় দুই যুগ ধরে চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্পর্শ না পাওয়া জুভেন্টাসকে করতে চেয়েছিলেন সেরার সেরা। রোনালদোয় চড়ে ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন দেখেছিল ইতালির সেরা দলটি।

সে আশায় পানি ঢেলে দিয়েছে আয়াক্স। আয়াক্সের কাছে হেরে চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার কারণে রোনালদো জুভেন্টাস ছাড়বেন, এমন খবরে সরগরম গণমাধ্যমগুলো। বেশ কিছু গণমাধ্যম দাবি করেছে, ইতালির পাঠ চুকিয়ে চলে যাবেন সি আর সেভেন।

সেসব কেবলই গুজব বলে মনে করেন জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। রোনালদোর ক্লাব ছাড়ার প্রশ্নই উঠে না উল্লেখ করে জুভেন্টাস কোচ বলেন, ‘রোনালদো একজন অসাধারণ খেলোয়াড় যে আমাদের হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটাচ্ছে। সে সামনের মৌসুমটাও একইভাবে দুর্দান্ত কাটাবে। রোনালদোই জুভেন্টাসের ভবিষ্যৎ।’

কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ায় রোনালদো যে হতাশ, তা স্বীকার করেন তিনি। তবে ক্লাব ছাড়ার খবর নিতান্তই ভিত্তিহীন বলে জানিয়েছেন অ্যালেগ্রি।

তিনি বলেন, ‘সে এখানে নিশ্চিন্তে আছে। হ্যাঁ, এটা সত্যি জুভেন্টাসের বাকি সবার মতো সে-ও চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার কারণে হতাশ। আমরা এমন একটা প্রতিযোগিতা থেকে বাদ পড়েছি যেটা আমরা জিতব বলে ভেবেছিলাম।’

আজ ফিওরেন্টিনার বিপক্ষে মাঠে নামবেন রোনালদো, এমনটিই জানিয়েছেন জুভেন্টাস কোচ।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগে প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছিল আয়াক্স। দ্বিতীয় লেগে তুরিন থেকে ২-১ গোলে জিতে সেমিফাইনালে চলে যায় আয়াক্স। দুই লেগে জুভেন্টাসের দুই গোলই আসে রোনালদোর মাথা থেকে।