মেকআপ কি না পারে!


paperslife

মঙ্গলবার দিল্লিতে ‘ছপাক’-এর প্রথম শিডিউলের শুটিং শেষ হল। গত কয়েকদিন ধরে দিল্লিতে শুটিং করছেন দীপিকা। দীর্ঘ ব্যস্ততার শেষে একসঙ্গে মিলে গেল রিল এবং রিয়েল। মেকাপের যাদুতে আলাদা করা গেল না আসল ও নকলকে।

একদিকে অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়াল। আর একদিকে তাঁর ভূমিকায় অভিনয় করা দীপিকা পাড়ুকোন।

দীপিকা আগেই বলেছিলেন, “মেঘনার সঙ্গে পাঁচ মিনিট এটা নিয়ে কথা বলার পরই মনে হয়েছিল, ছবিটা আমি করব। কিন্তু এই চরিত্রে এত আবেগ আছে যে, আমি মানসিক ভাবে প্রস্তুত ছিলাম না। একটু একটু করে নিজেকে তৈরি করেছি।”

দীপিকার ফার্স্ট লুক দেখে লক্ষ্মী শেয়ার করেছিলেন, ‘‘দীপিকার ফার্স্ট লুক ভাল লেগেছে আমার। সবচেয়ে ভাল লাগছে একজন সেলিব্রিটি এই লুকে সামনে এলেন। মেকআপে পুরো মুখটা বদলে যায়। কিন্তু তার মধ্যে থেকেও সৌন্দর্যটা খোঁজার চেষ্টা করি আমি। স্কুলে আমি কখনও একটা মেডেলও পাইনি। কে আমার বায়োপিক তৈরি করবে? এই ছবিটা করার জন্য মেঘনার কাছে সত্যিই কৃতজ্ঞ আমি।’’

দীপিকার প্রস্থেটিক মেকআপ করছেন ক্লোভার উটন। যিনি এর আগে ‘সঞ্জু’তে রণবীর কপূরের চেহারা পাল্টে দিয়েছিলেন। ‘পরী’তে অনুষ্কা শর্মার মেকআপও করেছিলেন ক্লোভার। দীপিকার মেকআপে ক্লোভারকে সাহায্য করছেন মুম্বইয়ের শ্রীকান্ত।

চিত্রনাট্য পড়ার পরেই মেঘনার কাছ থেকে দীপিকা জানতে চেয়েছিলেন, কী করে ছবিতে নিজের চরিত্রকে তিনি আরও বিশ্বাসযোগ্য করে তুলতে পারেন। এক জন অ্যাসিড ভিক্টিমের ঘুরে দাঁড়ানোর গল্প পর্দায় তুলে ধরা সহজ কথা নয়।