শ্রীলঙ্কায় হামলা: কোটিপতি ব্যবসায়ীর স্ত্রী একজন আত্মঘাতী হামলাকারী


paperslife

গত রোববার শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার আত্মঘাতী হামলাকারীদের মধ্যে একজন দেশটির কোটিপতি ব্যবসায়ী ইনসাফ আহমদ ইব্রাহীমের স্ত্রী ফাতিমা ইব্রাহীম বলে দাবি করেছেন ভারতীয় গোয়েন্দারা।

রোববার শ্রীলঙ্কায় সিরিজ বোমা হামলার পরপরই ওই দিন রাতে ইব্রাহীমের বিলাস বহুল অ্যাপার্টমেন্টে তল্লাশি চালায় পুলিশ। এ সময় অন্তসত্ত্বা ফাতিমা তাঁর তিন সন্তানকে নিয়ে আত্মঘাতী হন। ইনসাফের পরিবার তাঁর আরেক ভাই ইলহাম ইব্রাহিমের সঙ্গে তিন তলা বিশিষ্ট ওই অ্যাপার্টমেন্টে থাকতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের এক প্রতিবেদনে বলা হয়, হামলাকারী হিসেবে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) তাদের যে আট সদস্যের ছবি সংবলিত ভিডিও প্রকাশ করেছে, তাতে ফাতিমাও আছেন। ওই ছবিতে সাতজনকে এক সারিতে ও পেছনে একজনকে দাঁড়ানো অবস্থায় দেখা যায়।

ভারতের গোয়েন্দারা বলছেন, পেছনে যিনি দাঁড়িয়ে আছেন, তিনি ফাতিমা; আর ফাতিমার ঠিক সামনে দাঁড়িয়ে ছিলেন স্বামী ইনসাফ।

উল্লেখ্য, ইব্রাহীম পরিবার শ্রীলঙ্কার শীর্ষ ব্যবসায়ীদের অন্যতম। ইনসাফ ইব্রাহীমের বাবা মোহাম্মদ ইউসুফ ইব্রাহীম কোটিপতি মসলা ব্যবসায়ী। ইনসাফের মূল ব্যবসা তামা দিয়ে তৈরি পণ্য। ভারতের গোয়েন্দারা বলছেন, তাঁর এক কারখানায় হামলার বোমাগুলো প্রস্তুত করা হয়েছে। রোববারের ঘটনার পরপরই গভীর রাতে ইনসাফ ইব্রাহীমের সেই তামার কারখানা থেকে কারাখানা ব্যবস্থাপকসহ নয়জন শ্রীলঙ্কান নাগরিককে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বাহিনী।