‘বিএনপি’র নির্বাচিতদের শপথ নিতে চাপ দিচ্ছে সরকার’


paperslife

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, একাদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে চাপ দেওয়া হচ্ছে।

আজ শুক্রবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির নির্বাচিতরা শপথ নেওয়ার পেছনে সরকারের কোনও চাপ আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের ফখরুল বলেন, ‘নিঃসন্দেহে চাপ রয়েছে। যেটা সবসময়ই থাকে। যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় না, তারাই এই ধরনের চেষ্টা করে থাকে ক্ষমতায় টিকে থাকার জন্য। বিএনপি জনগণের দল। ফলে একটি গোষ্ঠী বা একটি ব্যক্তি যদি কোনও সিদ্ধান্ত নেয় তাহলে দলের খুব বেশি ক্ষতি হয় না।’

সংসদে না যাওয়ার বিএনপির যে সিদ্ধান্ত ছিল, তা এখনও অটুট আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এ বিষয়ে কোনও দ্বিমত থাকার কথা নয়। দলের এই (শপথ না নেওয়া) সিদ্ধান্ত যারা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে দল থেকে ব্যবস্থা নেওয়া হবে।

সাংসদ জাহিদুর রহমানের শপথের বিষয়ে মির্জা ফখরুল বলেন, জাহিদুর রহমান শপথ নিয়ে দলের সিদ্ধান্ত ভঙ্গ করেছেন, তিনি অত্যন্ত গর্হিত কাজ করেছেন। তিনি অন্যায় ও অপরাধ করেছেন। এই জন্য তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বিএনপি মহাসচিব ও অন্য নেতারা মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করেন।