বিএনপি থেকে নির্বাচিত সাংসদরা নিজের ইচ্ছাতেই শপথ নিচ্ছেন, বিএনপির কোনো বিষয়ে সরকারের কোনো চাপ নেই। গণভবনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপির রাজনীতিকে পুনরুজ্জীবিত করা নিয়েও সরকারের কোনো চাপ বা চেষ্টা নেই। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির ব্যাপারে সরকারের চাপ থাকার কারণ নেই।
তিনি বলেন, বুঝতে হবে বিএনপির জন্ম কোথায়। বিএনপি স্বর্ণলতার মতো। দেখতে সুন্দর কিন্তু শেকড় নেই।
এসময় নিজের দল সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ রাজনৈতিক দল। এই দলে সুবিধাভোগী বা অনুপ্রবেশকারী আছে বলে মনে করি না।
তিনি বলেন, কিছু লোক আসবে যাবে, এটা রাজনীতিতে স্বাভাবিক।
গণমাধ্যমের বিশেষ করে কাগুজে পত্রিকার খারাপ সময় নিয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এখন যুগের চাহিদা বা প্রযুক্তির চাহিদা হলো অনলাইন সংবাদপত্রের। বিশ্বের অনেক দেশে বড় বড় পত্রিকা বন্ধ হয়ে গেছে। সেগুলো এখন কেবল অনলাইনে আছে। কাগুজে পত্রিকা বের করে না।
প্রধানমন্ত্রী সম্প্রচার মাধ্যম সম্পর্কে বলেন, ‘অনেকেই টেলিভিশনের জন্য আবেদন করছেন। আমি বলেছি দিয়ে দাও। এতে চাকরির বাজার বড় হবে।’
জঙ্গিবাদ নিয়ে উদ্বেগ-শঙ্কা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ নিয়ে সব সময়ই উদ্বেগ হওয়ার কারণ আছে। তবে তা নিয়ন্ত্রণে আছে। সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তবে সবার আগে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, জঙ্গিবাদের কোনো ধর্ম নেই, দেশ নেই। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে।’

