অনেকটা জীবন বাজি রেখেই সংবাদ সংগ্রহ করেন সাংবাদিকরা। আবার কখনো কখনো বিসর্জন দিতে হয় প্রাণও।
গোটা বিশ্বজুড়ে শুধুমাত্র ২০১৮ সালেই জীবন হারিয়েছেন কমপক্ষে ৯৫ জন সাংবাদিক, এমনটাই উঠে এসেছে বিবিসির এক প্রতিবেদনে।
নিহত সাংবাদিকদের সংখ্যা ২০১৭ সাল থেকে তুলনামূলক ভাবে ২০১৮ সালে বৃদ্ধি পেয়েছে বলে জানা যায়। শুধুমাত্র এক বছরে সর্বোচ্চ সাংবাদিক নিহত হওয়ার ঘটনা ঘটেছে ২০০৬ সালে। মোট ১৫৫ জন সাংবাদিক নিহত হওয়ার ঘটনা ওই বছর ঘটেছিল।
একটি সংগঠনের তথ্য অনুযায়ী, সাংবাদিকদের জন্য গতবছর সবথেকে ঝুঁকিপূর্ণ দেশ ছিলো আফগানিস্তান। গতবছর শুধুমাত্র আফগানিস্তানেই নিহত সাংবাদিকের সংখ্যা ছিলো ১৬ জন। একই সাথে আফগানিস্তানের রাজধানী কাবুলে বোমা হামলার খবর সংগ্রহ করতে গিয়ে একসঙ্গে নিহত হন ৯ জন সাংবাদিক।
এছাড়া যুক্তরাষ্ট্রের এক পত্রিকা অফিসে বন্দুকধারীদের হামলায় ঘটনাস্থলেই নিহত হন পাঁচ সাংবাদিক। অন্যদিকে সিরিয়া অ ইয়েমেনে আটজন, ভারতে সাতজন, মেক্সিকোতে এগারো জন সাংবাদিক গতবছর নিহত হন।
সৌদিতে সাংবাদিক জামাল খাসোগির হত্যাকাণ্ড ছিলো ২০১৮ সালের অন্যতম আলোচিত বিষয়। তাকে খুন করে তুরস্কে সৌদি দূতাবাসের ভিতরে লাশ গুম করে ফেলা হয়।
কেবলমাত্র হত্যাকান্ড নয় একই সাথে বছরজুড়ে কারাবরণও করতে হয়েছে অনেক সাংবাদিককে। ২০১৮ সালে প্রায় ২৫০ জনের মতো সাংবাদিককে বন্দি করা হয়েছে।
যার মধ্যে গত বছর তুরস্কে সর্বোচ্চ ৬৮ জন, চীনে ৪৭ জন, মিসরে ২৫ জন এবং সৌদি আরব এবং ইরিত্রিয়ায় ১৬ জন সাংবাদিককে বন্দি করা হয়েছে এমন তথ্যই দিয়েছে সিপিজে।

