নির্বাচনী প্রচারণায় গিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের মাথায় ডিম ছুড়ে মারে এক তরুণী। বিবিসি থেকে জানা যায়, জাতীয় নির্বাচনের আগে সোমবার নিউ সাউথ ওয়েলসের আলবুরিতে নির্বাচনী প্রচারণায় গিয়ে এ ঘটনার শিকার হন।
খবরে প্রকাশিত হয়, ‘অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা থেকে ৩৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের ওই শহরটিতে একটি নারী সংঘের অনুষ্ঠানে ঘটনাটি ঘটে।’
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, তরুণীর ছুড়ে মারা ডিমটি অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর মাথায় লাগলেও না ভেঙ্গে ছিটকে যায়। স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে ঘটনাস্থল থেকে এক তরুণীকে আটক করতে দেখা গেছে। তার বয়স ২৫ বছর বলে জানানো হয়েছে।
ঘটনাস্থলে ধাক্কা লেগে একজন বয়স্কা নারী পড়ে যান। তিনি নিজেই উঠে দাঁড়ানোর সময় মরিসন এগিয়ে গিয়ে তাকে উঠতে সহায়তা করেন। ডিম নিক্ষেপের এ ঘটনাকে মরিসন ‘কাপুরুষোচিত’ বলে বর্ণনা করেছেন।
মরিসন টুইটে বলেছেন, ‘আলবুরিতে আজকের ঘটনায় আমি পড়ে যাওয়া ওই বৃদ্ধা নারীকে নিয়ে উদ্বিগ্ন হয়েছি। আমি তাকে উঠতে সহায়তা করেছি ও জড়িয়ে ধরে সহানুভূতি জানিয়েছি।’
সম্প্রতি দেশটি জুড়ে রয়েছে নির্বাচনী আমেজ। আগামী ১৮ মে অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

