ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ৬৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু


paperslife

ভূমধ্যসাগরে একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৬৫ জন অভিবাসনপ্রত্যাশী মানুষের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ১৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, তিউনিসিয়ার কাছে ভূমধ্যসাগরে অভিবাসনপ্রত্যাশীবোঝাই একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় কমপক্ষে ৬৫ জনের মৃত্যু হয়েছে। তবে মৃত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নৌকাটি গত বৃহস্পতিবার লিবিয়ার জুয়ারা থেকে রওনা হয়।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা বলেছেন, বৃহস্পতিবার লিবিয়ার জুয়ারা থেকে অভিবাসনপ্রত্যাশীবোঝাই নৌকাটি ছেড়ে যায়। এরপরই প্রবল ঢেউয়ের মধ্যে পড়ে নৌকাটি। চলতি বছর এটিই অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী কোনো নৌকাডুবির সবচেয়ে ভয়াবহতম ঘটনা। ওই নৌকার আরোহীরা সাব-সাহারান আফ্রিকা বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, চলতি বছরের প্রথম চার মাসে লিবিয়া থেকে ইউরোপে পাড়ি জমাতে গিয়ে এখন পর্যন্ত ১৬৪ জন মানুষের মৃত্যু হয়েছে।

এ বছরের প্রথম তিন মাসে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে ১৫ হাজার ৯০০ অভিবাসনপ্রত্যাশী ইউরোপে গেছেন। ২০১৮ সালের প্রথম তিন মাসের তুলনায় এ সংখ্যা ১৭ শতাংশ কমেছে। এ বছরের জানুয়ারিতে জাতিসংঘ এক প্রতিবেদনে বলেছে, গত বছর দিনে গড়ে ৬ জন করে অভিবাসনপ্রত্যাশী মানুষের মৃত্যু হয় ভূমধ্যসাগরে।