আগামী বৃহস্পতিবার (২৩ মে) এক হাজার টাকার নতুন নোট বাজারে ছাড়ার তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে অন্যান্য অফিস থেকে ইস্যু করা হবে এই নতুন এক হাজার টাকার নোট।
নতুন এই নোট ছাড়াও বর্তমান এক হাজার টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে চালু থাকার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
একহাজার টাকার এই নতুন নোটের নিরাপত্তা সুদৃঢ় করা এবং জাল প্রতিরোধে এই নোটে নতুন নিরাপত্তা সুতা সংযোজন করার কথা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিসংবলিত বিদ্যমান ডিজাইন এবং গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত এই নোটের দৈর্ঘ্য ১৬০ মিমি এবং প্রস্থ ৭০ মিমি। নতুন এ নোট জাল প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করছে বাংলাদেশ ব্যাংক।
নতুন এই একহাজার টাকার নোটটিকে ঘুরালে বা কাত করলে সুতার রং সোনালি থেকে হালকা সবুজ ও গাঢ় সবুজ দেখা যাবে।
তাছাড়া নতুন নিরাপত্তা সুতাটি খুব সহজে ওঠানো যাবে না। নোটের রং, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, ওভিআই কালিতে লেখা ‘১০০০’, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ৫টি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা, লুকানো ছাপা, ইরিডিসেন্ট স্ট্রাইপ) অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

