আগামী ৩০মে দ্বিতীয় মেয়াদে ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র দামোদরদাস মোদী। রোববার রাষ্ট্রপতি ভবন মোদীর শপথ নেয়ার বিষয়ে নিশ্চিত করেন।
এবারের লোকসভা নির্বাচনে জনমত স্পষ্ট হওয়ার পর মোদীর পুনরায় প্রধানমন্ত্রী হওয়াটা একরকম নির্ধারিতই ছিল।
শনিবার রাষ্ট্রপতি ভবনে সরকার গঠনের দাবিপত্র প্রদান করেন নরেন্দ্র মোদী। এরপরই শপথের দিনক্ষণ এবং প্রধানমন্ত্রী ছাড়া আর কে কে শপথ নেবেন, তা জানাতে বলেন রাষ্ট্রপতি। এছাড়াও, বিজেপির কাছ থেকে ইঙ্গিত পাওয়ার পরই শপথগ্রহনের তারিখ ঘোষণা করে রাষ্ট্রপতি ভবন। সে অনুযায়ী প্রস্তুতিও শুরু হয়েছে।
এছাড়াও রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা যায়, একই দিনে প্রধানমন্ত্রীর সাথে আরও কয়েকজন মন্ত্রীও শপথ নিতে পারেন। তবে এ তালিকায় কারা থাকবেন তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি।
মন্ত্রীসভার বিষয়ে মোদী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি অমিত শাহের ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে যে, মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গ থেকে নতুন মুখ আসতে পারে। এ ব্যাপারে তারা দুজনই ঐকমত প্রকাশ করেছেন। তাই ৩০ মে রাষ্ট্রপতি ভবনে একাধিক বাঙালিকে শপথ নিতে দেখা যেতে পারে।
উল্লেখ্য যে, এ বার লোকসভায় ৩৫২ আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।

