রোববার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধিদল আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ইফতারের আমন্ত্রণপত্র দিয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে দলের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বিএনপির দেয়া আমন্ত্রণপত্র গ্রহণ করেন।
এ সময় বিএনপির প্রতিনিধিদলে জাতীয় নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ ও তাইফুল ইসলাম টিপু ছিলেন।
আমন্ত্রণপত্র গ্রহণের পর আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের বলেন, আজকে আমরা আগামী ২৮ তারিখে ইফতার মাহফিলের দাওয়াত পেয়েছি। তাদের কেন্দ্রীয় পর্যায়ের তিনজন নেতা এসে আমাদের দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে দাওয়াত দিয়েছেন।
জানা যায়, ২৮শে মে সকল রাজনৈতিক দলের সৌজন্যে ইফতার মাহফিলের আয়োজন করেছে বিএনপি।
তবে, আওয়ামী লীগ বিএনপির ইফতারে অংশ নেবে কি না, এ বিষয়ে বিপ্লব বড়ুয়া জানান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী ২৮ তারিখ সকালে জাপান সফরে যাবেন। আর সাধারণ সম্পাদক কিছুদিন আগে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। বিএনপি আজকে দাওয়াত দিল। আমরা দলীয় পর্যায়ে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।
বিপ্লব বড়ুয়া আরও বলেন,গতকাল গণভবনে সব রাজনৈতিক দলের সৌজন্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার মাহফিলে বিএনপি এলে ভালো হতো।
তিনি আরও বলেন, বিএনপিসহ ঐক্যফ্রন্টের সব নেতার কার্ড আমরা আরামবাগে ঐক্যফ্রন্টের কার্যালয়ে দিয়ে এসেছি এবং গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় আমি বিশেষ সহকারী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনসহ অন্য নেতাদের সঙ্গে টেলিফোনে আমন্ত্রণের বিষয়টি অবহিত করি। তারা জানিয়েছেন, দাওয়াত পেয়েছেন কিন্তু তাদের পূর্বনির্ধারিত একটি কর্মসূচি থাকায় অনুষ্ঠানে থাকতে পারছেন না।

