ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া রোববার দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদবস্ত্র বিতরণকালে, ঈদকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা বলেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদবস্ত্র বিতরণ করা হয়। অসহায় ও দুস্থ মানুষের মধ্যে তেজগাঁও বিভাগে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে প্রায় ১৫০০ পিস ও মিরপুর বিভাগের শেরেবাংলা স্টেডিয়ামের ৪ নম্বর গেইট-সংলগ্ন এলাকায় ২ হাজার পিস ঈদবস্ত্র বিতরণ করা হয়।
এসময় তিনি জানান, ঈদ উপলক্ষে রাজধানীতে মার্কেট, শপিং মল, বাস টার্মিনাল, লঞ্চঘাট ও রেলস্টেশনে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন এবং পুলিশের টহল বাড়ানো হয়েছে। এছাড়াও, রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে নগরবাসী যাতে গভীর রাত পর্যন্ত কেনাকাটা করে নিরাপদে বাসায় ফিরতে পারে, সে জন্য সাদাপোশাকে পুলিশের বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
তার পাশাপাশি অজ্ঞান পার্টি, চোর ও ছিনতাইকারী ধরতে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। ঢাকায় ছিনতাই, ডাকাতি ও অজ্ঞান পার্টির তৎপরতা বন্ধ করা হবে। যদি কেউ এসবের চেষ্টা করে, তাকে কঠোর হস্তে দমন করা হবে বলে জানান তিনি।
মো. আছাদুজ্জামান মিয়া আরও বলেন, ঈদে ঢাকা শহর প্রায় ফাঁকা হয়ে যাবে। সেসময় পুলিশের পাহারা থাকবে, বাসাবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানে নিরাপত্তাকর্মী থাকবে, তার সাথে পুলিশ ও থাকবে। সবাই মিলে একটা নিরাপত্তা বলয় তৈরি করা হবে। এছাড়াও নিরাপত্তা চেকপোস্ট সহ, তল্লাশি ও রাস্তায় ব্যারিকেড ব্যবস্থা থাকবে।
কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ঈদবস্ত্র বিতরণকালে এ সময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. আবদুল বাতেন, যুগ্ম পুলিশ কমিশনার (সদর দপ্তর) আশরাফুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) শেখ নাজমুল আলম, তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, এবং মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আহম্মাদ সহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

