শুক্রবার দিবাগত রাতে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাটে পুলিশের হাত থেকে পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন মো. সুজন (২৫) নামের ধর্ষণ মামলার এক আসামি। পরে তৎক্ষণাৎ ওই আসামিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
জানা যায় ধর্ষণ মামলার আসামি সুজন লালমনিরহাট শহরের খুটামারা পিংকির মোড় এলাকার সাইদুল ইসলামের ছেলে।
জানা যায়, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় এক শিশুকে (৯) ধর্ষণের অভিযোগে সুজনের বিরুদ্ধে শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাট সদর থানায় মামলা করা হয়। পরে পুলিশ পিংকির মোড় এলাকা থেকে রাত ১০টার দিকে সুজনকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম জানান, সুজনকে শুক্রবার রাতে ধর্ষণের মামলায় গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে, পুলিশ তার সহযোগীদের ধরতে দুড়াকুটি এলাকায় অভিযান চালায়। এ সময় সুজনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। সেই সুযোগে এক কনস্টেবলের হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করেন। তখন পুলিশ গুলি ছুড়লে সুজন বাঁ পায়ে গুলিবিদ্ধ হন। পরে পুলিশ তাকে আটক করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এবং আজ শনিবার দুপুরে তাকে পুলিশ হেফাজতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি আরও জানান, সুজনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হয়েছে। তার আগেই ধর্ষণ মামলা হয়েছে। দুটি মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
