আগামীকাল ১১ই এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। পুরো এক মাস ধরে সাত দফায় নেয়া হবে এই ভোট। এবং শেষ হবে ১৯ মে ফলাফল ঘোষণা করা হবে ২৩ মে, বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন।
আগামীকাল অনুষ্ঠিতব্য প্রথম ধাপের এই নির্বাচনে মোট ২০টি রাজ্যের ৯১টি আসনে ভোট হবে। তার মধ্যে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার ও কোচবিহারের দুটি আসন রয়েছে।
আগামীকাল পশ্চিমবঙ্গের নির্বাচনী আসন দুটি, মূলত ছিল বাম দল ফরোয়ার্ড ব্লক এবং আরএসপির দখলে। এবং পরবর্তীতে তৃণমূলের হাতে চলে যায় আসন দুটি।
এবার এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে তৃণমূলের সঙ্গে বিজেপি প্রার্থীদের মধ্যে। তারপরেও এই আসন নিয়ে বিচলিত হচ্ছেন না ফরোয়ার্ড ব্লক এবং আরএসপির নেতারা। তারা ভাবছেন বড় দুটি দলের ভোটাভুটিতে তাদের দলও জিতে যেতে পারে।
এবারের নির্বাচনে পশ্চিমবঙ্গের এই দুটি আসনে লড়ছেন ১৮ জন প্রার্থী। তার মধ্যে বিজেপি, তৃণমূল, কংগ্রেস, বাম দল ফরোয়ার্ড ব্লক, আরএসপিসহ অন্য কয়েকটি ছোট দল এবং স্বতন্ত্র প্রার্থীরাও আছেন।
এই ১৮ প্রার্থীর মধ্যে ফৌজদারি মামলায় অভিযুক্ত আছেন ছয়জন প্রার্থী। অভিযুক্ত ওই ছয়জনের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, অপহরণ, ধর্ষণসহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে। এছাড়াও তাদের মধ্যে কোচবিহারের তৃণমূল প্রার্থী নিশীথ প্রামাণিক নামের একজন কোটিপতিও আছেন।
আরেকটি আসন আলিপুরদুয়ার। যেটি ভুটান ও আসামের পাশাপাশি। আলিপুরদুয়ারের প্রার্থীর মধ্যে রয়েছেন তৃণমূলের দশরথ তিরকে, বিজেপির জন বারলা, আরএসপির মিলি ওরাও এবং কংগ্রেসের মোহন লাল বসুমাতা প্রমুখ।
অন্যদিকে কোচবিহারের আসনটি বাংলাদেশের সীমান্তের সাথেই। কোচবিহার আসনের উল্লেখযোগ্য প্রার্থী তৃণমূলের পরেশ চন্দ্র অধিকারী, বিজেপির নিশীথ প্রামাণিক, ফরোয়ার্ড ব্লকের গোবিন্দ রায়, কংগ্রেসের পিয়া রায় চৌধুরী প্রমুখ। এই দুটি কেন্দ্রে রয়েছে বিপুলসংখ্যক চা-শ্রমিক সহ প্রচুর আদিবাসী ও উপজাতি সম্প্রদায়ের মানুষের বাস।
এছাড়াও, এই দুটি আসনে ৫০ বছরের নিচে প্রার্থী রয়েছেন ১৩ জন। মহিলা প্রার্থী রয়েছেন ২ জন। অষ্টম শ্রেণি পাস ৩ জন, মাধ্যমিক পাস ২ জন, উচ্চমাধ্যমিক ১ জন, স্নাতক ৬ জন, স্নাতকোত্তর ৫ জন ও ডক্টরেট ডিগ্রিধারী ১ জন রয়েছেন।
নির্বাচনকে ঘিরে যাতে কোনধরনের সংঘাত না ঘটে, এবং অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপলক্ষে প্রায় ৮৩ কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হচ্ছে। আসন দুটিতে সর্বমোট ৩ হাজার ৮৪৪টি বুথে ভোট নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

