'নুসরাত হত্যা মামলার চার্জশিট খুব শিগগিরই'


burn nusrat #paperslife

নুসরাত হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে এবং খুব শিগগিরই চাঞ্চল্যকর এই মামলার চার্জশিট দেয়া হবে বলে উচ্চ আদালতকে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।
এক রিট আবেদনের শুনানিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ তথ্য জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী।
এদিকে এই মামলার নুসরাত জাহান রাফি হত্যার তদন্তে কোনো প্রভাব দেখতে চান না বলে জানিয়েছেন উচ্চ আদালত।
এসময় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে নির্দেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, ৬ এপ্রিল আলিম পরীক্ষার্থী রাফিকে সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসা ক্যাম্পাসে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। ১০ এপ্রিল তাঁর মৃত্যু হয়।
এই ঘটনায় করা মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এক সংবাদ সম্মেলনে তদন্তকারী সংস্থা বলেছে, দুটি কারণে নুসরাতকে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। এক. শ্লীলতাহানির মামলা করে অধ্যক্ষকে গ্রেপ্তার করিয়ে নুসরাত আলেম সমাজকে ‘হেয়’ করেছেন। দুই. আসামি শাহাদাত নুসরাতকে বারবার প্রেমের প্রস্তাব দিয়েছেন। কিন্তু নুসরাত তা গ্রহণ না করায় শাহাদাতও হত্যার পরিকল্পনা করেন।