ট্রামের শহর হিসেবে পরিচিত কলকাতায় দ্বিতীয় মেট্রোরেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই মেট্রোরেল চলাচল উদ্বোধন করেন ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। নতুন উদ্বোধনকৃত মেট্রোর এই দ্বিতীয় প্রজেক্টের নাম দেয়া হয়েছে ইস্ট-ওয়েস্ট মেট্রোরেল।
যা মূলত কলকাতায় পাতালরেল নামে পরিচিত। বিগত সময়ে মেট্রোরেলের প্রথম প্রকল্প কলকাতার দমদম থেকে টালিগঞ্জ পর্যন্ত চালু হয়েছিল ১৯৮৪ সালের ২৪ অক্টোবর। সেই রেলপথ এখন দুদিক থেকে আরও সম্প্রসারণ করা হয়েছে। তবে সেই পথ মাটির নিচ থেকে যায়নি, ওপর থেকে গেছে। দমদম থেকে এই লাইন সম্প্রসারিত হয়েছে নোয়াপাড়া পর্যন্ত। আর টালিগঞ্জ থেকে সম্প্রসারিত হয়েছে নিউ গড়িয়া পর্যন্ত।
কলকাতায় মেট্রোরেলের দ্বিতীয় প্রকল্পের উদ্বোধন করা হলেও এতে আমন্ত্রণ পাননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায় বলেছেন, ‘এ তো ইতিহাসের পুনরাবৃত্তি। ২০০৯ সালে যখন টালিগঞ্জ থেকে গড়িয়া বাজার পর্যন্ত মেট্রোরেলের সম্প্রসারণ কাজের উদ্বোধন হয়, তখন কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অনুষ্ঠানেও সেদিন মমতা আমন্ত্রণ জানাননি পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। সেটিরই পুনরাবৃত্তি ঘটলো এবার।
এ সময় রেলমন্ত্রী পীযূষ গোয়েল বলেন এই ইস্টওয়েস্ট পরিষেবা চালু হওয়ার পর কলকাতার মানুষ চলাচলে আরও বেশি উপকৃত হবেন। সেইসাথে কলকাতার যানজটেরও নিরসন হবে।

