বরিশালের মুলাদীতে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে রাব্বি হাওলাদার নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ টাকা জরিমানা করেছে আদালত।
জানা যায়, ধর্ষণের শিকার ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীর বাড়ি বরিশাল সদর উপজেলায়। মুলাদী উপজেলায় নানাবাড়িতে থেকে সে পড়াশোনা করত।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বরিশাল জেলা নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এই মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ওই যুবক আদালতে অনুপস্থিত ছিলেন। অভিযুক্ত রাব্বির বাড়ি বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের আটহাজার গ্রামে। বরিশাল নগরের ভাটিখানা জোড় মসজিদ এলাকায় তিনি বসবাস করতেন।
রায়ের সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা ঘোষণার সাথে সাথেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল আসামি রাব্বি হাওলাদার ওই ছাত্রীকে তার স্কুলের সামনে থেকে অপহরণ করেন। এরপর বরিশালের লাকুটিয়া গ্রামের বিভিন্ন স্থানে রেখে ধর্ষণ করে। এ ঘটনায় ওই বছরের ২৭ এপ্রিল স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে রাব্বি হাওলাদারকে আসামি করে বরিশাল নগরের কাউনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
এসময় মামলাটির তদন্তের দায়িত্ব মুলাদী থানার পুলিশকে দেওয়া হয়। তদন্তে সত্যতা পেয়ে মুলাদী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) ইদ্রিস আলী হাওলাদার ওই বছরের ২৮ জুন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

