চলমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার প্রশ্ন ফাঁসের দায়ে ওই চক্রের শাহীদ আল শাহা ওরফে রিসেল (২০) নামের এক জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৫) সদস্যরা।
প্রশ্ন ফাঁসকারী চক্রের এই সদস্যকে গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের শীলবনিয়াপাড়া এলাকা থেকে আটক করে র্যাব। আটক রিসেল টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের শীলবনিয়াপাড়া বাসিন্দা।
জানা যায়, ওই যুবক ভুয়া ফেসবুক ও মেসেঞ্জার আইডি ব্যবহার করে প্রশ্নপত্র দেওয়ার কথা বলে অনেকের কাছে বিকাশের মাধ্যমে টাকা আদায় করে আসছিলেন।
এই আটকের বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস বলেন, রিসেলকে আজ শনিবার দুপুরে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে।
র্যাব-১৫–এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও টেকনাফ সিপিসি-১ কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট (বিএন) মির্জা শাহেদ মাহাতাব বলেন, গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফ সদর ইউনিয়নের শীলবনিয়াপাড়া এলাকা থেকে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সক্রিয় সদস্য রিসেলকে আটক করে র্যাবের একটি দল। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল সেট ও একটি সিমকার্ড জব্দ করা হয়।

