সরকারি তিতুমীর কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী মুজিবর রহমান সায়মন (২৩) আত্মহত্যা করেছেন। আত্মহত্যার আগে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন।
শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর দক্ষিণ কমলাপুরের একটি মেস থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দক্ষিণ কমলাপুর সরদার কলোনীর একটি মেসে থাকতেন সায়মন।
পুলিশ সুত্রে জানা যায়, নিহত সায়মনের বন্ধুরা জানান নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেয়ার পরপরই সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
নিহত সায়মন কুমিল্লার লাকসামের এস এম ইসহাক মিয়ার ছেলে বলে জানা যায়।

