করোনাভাইরাসের উপসর্গ গোপন করলেই মৃত্যুদণ্ড!



করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। চীনে এর ভয়াবহতায় মৃতের সংখ্যা বাড়ছে দিনে দিনে। এমন অবস্থায় কেউ যদি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ ইচ্ছাকৃতভাবে গোপন করে তবে তার মৃত্যুদণ্ড হতে পারে বলে জানিয়েছেন দেশটির একটি আদালত৷

চীনের ওই আদালত শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে৷ তাতে বলা হয়েছে– ভ্রমণের তথ্য লুকালেও তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে৷

ইচ্ছাকৃতভাবে কেউ করোনাভাইরাসের উপসর্গ গোপন করলে কিংবা ভুল তথ্য দিলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে৷ আর এর শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে বলে চীনের একটি আদালত আদেশ দিয়েছেন। খবর ডয়েচে ভেলে।

স্থানীয় সংবাদপত্র বেইজিং ডেইলি তাদের প্রতিবেদনে জানিয়েছে, কেউ ভাইরাসটি ছড়াতে সহযোগিতা করলে তাকে মানুষের নিরাপত্তা হুমকিতে ফেলার অপরাধে অভিযুক্ত করা যাবে৷ গুরুতর ক্ষেত্রে নির্দেশনা অমান্যকারীদের ১০ বছরের জেল, যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে৷

এদিকে শনিবার চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনও একটি নতুন নির্দেশনা দিয়েছে৷ সেখানে জ্বর, কাশি অথবা অন্য কোনো রোগে আক্রান্তদের সড়ক, রেল কিংবা বিমান ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে৷

উল্লেখ্য, এখন পর্যন্ত চীনে এ প্রাণঘাতী ভাইরাসে মারা গেছেন ১৬৬৫ জন। চীনের বাইরে বিভিন্ন দেশে এ ভাইরাসে মৃত্যুর খবর পাওয়া গেছে।