চীনের রাষ্ট্রদূত লি জিমিং করোনাভাইরাসের উৎপত্তিস্থল দেশটির হুবেই প্রদেশে আটকে পড়া ১৭১ জন বাংলাদেশিকে এখনই না ফেরানোর পরামর্শ দিয়েছেন।
গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে তিনি বলেন, “আমি পরামর্শ দেব যেন তাদেরকে ফিরিয়ে আনা না হয়। কারণ তাতে এই দেশের জন্য ঝুঁকি রয়েছে। যদি তারা ইচাং থেকে বাসে করে আসে বা অন্যভাবে, তাহলে তারা ঝুঁকির মধ্যে পড়তে পারে। এ কারণে তাদেরকে সেখান থেকে না আনার পরামর্শ দিচ্ছি।“
গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ চীনের উহান থেকে ৩১২ জনকে ফিরিয়ে আনে। এর মধ্যে উহানের পাশের শহর ইচাংয়ে আরও একটি বিশ্ববিদ্যালয়ের ১৭১ জন বাংলাদেশি শিক্ষার্থী দেশে ফিরে আসার আকুতি জানালে উহানফেরত ক্রুদের অন্য দেশে ঢুকতে সমস্যা হওয়ার কথা জানায় সরকার।
গত রোববার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছিলেন, হুবেই প্রদেশে আটকে পড়া ১৭১ জন বাংলাদেশিকে ফেরানোর কাজ চলছে। বিষয়টি নির্ভর করবে চীনের অনুমোদনের ওপর।
এ বিষয়ে চীনা দূত লি জিমিং বলেন, বাংলাদেশ সরকার ফেরানোর প্রস্তুতি নিলে চীনের অনুমতি পাওয়া যাবে।

