নারী ও শিশুরা হঠাৎ যেকোন বিপদে পড়লে সুরক্ষার জন্য পুলিশের এক বিশেষ অ্যাপ চালু করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
শুক্রবার পূর্বাচল–সংলগ্ন একটি পার্কে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত বনভোজনে অংশ নিয়ে জাবেদ পাটোয়ারী এ কথা জানান।
তিনি বলেন এতে দেশের যেকোনো প্রান্তে বিপদে পড়লে নিজস্ব মোবাইল থেকে একটি বাটন চাপ দিলে কাছাকাছি অবস্থান করা পুলিশ তাদের সাহায্যে এগিয়ে যাবে।
পুলিশ প্রধান বলেন, পুলিশ যেমন অপরাধের পেছনে ছোটে, তেমনি অপরাধ বিটের প্রতিবেদকেরাও সংবাদ সংগ্রহের জন্য ছোটেন। পুলিশের সঙ্গে অপরাধবিষয়ক প্রতিবেদকদের কাজের মিল রয়েছে। পুলিশের গণমাধ্যম ইউনিট শক্তিশালী হলে সাংবাদিকেরা সঠিক খবর ছাপতে পারেন। এ জন্য সাংবাদিকদের বলা হয় জাতির দর্পণ। তিনি আরও বলেন, পুলিশকে জনগণের দোরগোড়ায় নিয়ে যেতে চান। পুলিশের ভুল ধরিয়ে দিলে এতে গঠনমূলক পরিবর্তন আনা যায়। পুলিশকে জনমুখী করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। থানাকে মানুষের আস্থা ও জনবান্ধব করার চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।
আইজিপি বলেন, নারী ও শিশুদের তাৎক্ষণিক বিপদ থেকে রক্ষায় অ্যাপটি কিছুদিনের মধ্যে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। পর্যায়ক্রমে এই অ্যাপটি সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হবে। দুই বছর আগে চালু হওয়া জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’–এ পর্যন্ত ৫৮ লাখ ভুক্তভোগীকে সেবা দিয়েছে এবং এখনও দিয়ে যাচ্ছে।

