মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এম কুলাসেগেরান রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে এক বৈঠকে মালয়েশিয়ায় দ্রুত বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খোলা এবং বাংলাদেশ থেকে গৃহকর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে।
এ সময় মালয়েশিয়ার মানবসম্পদ বিষয়ক মন্ত্রী এম কুলাসেগেরান বলেন মালয়েশিয়ায় এই মুহূর্তে কর্মী সংকট আছে। তিনি আরও বলেন আমাদের অর্থনীতির আকার বাড়ছে। এজন্য আরও কর্মী দরকার। এর চেয়ে বড় বিষয় আমরা শ্রমবাজারের পরিধি বৃদ্ধি করেছি। আমরা গৃহকর্মী নিতে আগ্রহী। আশা করি খুব দ্রুত আমরা সব নির্ধারণ করতে পারবো।
এ সময় কুলাসেগেরান বলেন, আমার শ্রমবাজার চালুর ব্যাপারে কিছু বিষয়ে একমত হয়েছি। এর মধ্যে ২৬ তারিখ আছে জয়েন্ট ওয়ার্কিং কমিটির মিটিং। আমার মন্ত্রণালয়ের কর্মকর্তারা কয়েকটি বিষয় ফাইনালাইজড করতে মিটিংয়ে আসবেন। এরপর আমি পুরো বিষয়টি আমাদের মন্ত্রিসভায় উপস্থাপন করবো অনুমোদনের জন্য।
তিনি বলেন, এখানে জরুরি বিষয় হচ্ছে আমরা বাংলাদেশ থেকে কর্মী নিতে চাই। এজন্য আমি বাংলাদেশে এসেছি।
বৈঠক শেষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। এবার আমরা গৃহকর্মী পাঠাবো মালয়েশিয়ায়। খুব শিগগিরই আমরা যে কোনও একটা সিস্টেমে মালয়েশিয়ার শ্রম বাজার খুলবো।
উল্লেখ্য এই মুহূর্তে মালয়েশিয়ায় কয়েক লাখ বাংলাদেশি কর্মী আছে।

