মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্ধারণে রাজা আব্দুল্লাহ রি’আয়াতুদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ সব সংসদ সদস্যের মতামত নেবেন বলে জানিয়েছেন রাজপরিবারের মুখপাত্র আহমাদ ফাদিল শামসুদ্দিন।
এসময় রাজপরিবারের মুখপাত্র আহমাদ ফাদিল বলেন দুই দিনের এই মতামত পর্ব আজ মঙ্গলবার থেকেই শুরু হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে। দলমত নির্বিশেষে এই সাক্ষাৎকার পর্বে আজ অংশ নিচ্ছেন ৯০ জন সংসদ সদস্য। তাদের একজন একজন করে সবার মতামত নেবেন রাজা আব্দুল্লাহ। এসময় সরকারের মুখ্য সচিব মো. জুকি আলীও উপস্থিত থাকবেন।
দেশটির রাজনীতিতে সপ্তাহব্যাপী নানা নাটকীয়তার পর সোমবার দুপুরে আচমকা পদত্যাগ করেন মাহাথির মোহাম্মদ। পদত্যাগের পর তিনি রাজা আবদুল্লাহর সঙ্গে দেখা করতে রাজপ্রাসাদে যান। এসময় মাহাথিরকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন রাজা।
ডা. মাহাথির মোহাম্মদের পদত্যাগের বিষয়ে প্রধানমন্ত্রীর দফতর থেকে দুই বাক্যের এক বিবৃতিতে জানানো হয়, রাজার কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। আনোয়ার ইব্রাহীম যেন ক্ষমতায় আসতে না পারেন; সেজন্য নতুন রাজনৈতিক জোট গঠনের লক্ষ্যেই প্রধানমন্ত্রিত্ব ছেড়েছেন তিনি।
আহমাত ফাদিল বলেন, রাজা প্রধানমন্ত্রী নিয়োগ দেয়ার ক্ষমতা রাখেন। কিন্তু তিনি সংসদে সংখ্যাগরিষ্ঠের মতামত নিয়ে সেটি নির্ধারণ করবেন। এজন্য তিনি প্রথমবারের মতো ব্যক্তিগতভাবে সংসদ সদস্যদের সাক্ষাৎকার নেবেন।
সূত্র: নিউ স্ট্রেইট টাইমস

