সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না জাবি


সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না জাবি

ইউজিসির করা দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়কে নিয়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পদ্ধতিতে যাচ্ছে না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

আজ মঙ্গলবার(২৫) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) আমির হোসেন এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার ধারণাটি ‘জটিল’ ও ‘অস্পষ্ট’ হওয়ায় এতে অংশ নিচ্ছে না জাবি।

এছাড়াও, আমির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল এই মুহূর্তে এমন অস্পষ্ট এবং জটিল পদ্ধতিতে ভর্তি পরীক্ষা না নেওয়ার জন্য সর্বসম্মতক্রমে সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্বকীয়তাবিরোধী, শিক্ষক-শিক্ষার্থীদের স্বাধীনতাবিরোধী এবং ভবিষ্যতের জন্য অকল্যাণকর বলে মনে করছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল।

এর আগে গত বুধবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), পরদিন বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ও ইউজিসির কেন্দ্রীয় পরীক্ষায় না যাওয়ার সিদ্ধান্তের কথা জানায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) নূরুল আলম বলেন, ইউজিসির আয়োজনে হতে যাওয়া কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় এ বছর না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদ। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মেই পরবর্তী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।