ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) পক্ষে ও বিপক্ষের গোষ্ঠীদের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া এ সংঘর্ষে শিশুসহ কমপক্ষে ১৫০ জন আহত হয়েছে।
জানা যায়, রোববার ও সোমবারের মতো গতকাল মঙ্গলবারও উত্তপ্ত ছিল দিল্লি। জাফরাবাদ, মৌজপুর, চাঁদবাগ, কারওয়াল নগরে দিনভর চলে অগ্নিসংযোগ, লুটপাট, গাড়ি ভাঙচুর।
সোমবার বহু জায়গায় ১৪৪ ধারা জারি করেছিল দিল্লি প্রশাসন। তবে ১৪৪ ধারা অমান্য করে সংঘর্ষে জড়িয়ে পড়ে সিএএ বিরোধী ও পক্ষের বিক্ষোভকারীরা। গতকালের সংঘর্ষে নতুন করে মারা যান ১৫ জন।
রোববার, সোমবারের মতো মঙ্গলবারের সংঘর্ষেও দিল্লি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। গতকাল সন্ধ্যায় তাদের অবশ্য মাঠে নামতে দেখা গেছে। পুলিশ কাঁদানে গ্যাসের সেল নিক্ষেপ করতে দেখা গেছে। চাঁদবাগ ও ভজনপুরা এলাকায় বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষের ছবিও ধরা পড়েছে।
মঙ্গলবার রাতে জাফরাবাদ, মৌজপুর, চাঁদবাগ, কারওয়াল নগরে কারিফিউ জারি করা হয়। এসব এলাকায় দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ।

