নিজ মেয়েকে দিয়ে দেহ ব্যবসা, পর্নো-শ্যুটিং, বাবা-মা গ্রেপ্তার


নিজ মেয়েকে দিয়ে দেহ ব্যবসা, পর্নো-শ্যুটিং, বাবা-মা গ্রেপ্তার

নিজের ২৫ বছরের বিবাহিতা মেয়েকে দিয়ে জোর করে দেহ ব্যবসা করানোর অভিযোগে কলকাতার লালবাজারের ট্যাংরা থানা এলাকায় অভিযুক্ত বাবা-মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী ২০১৯ সালের নভেম্বর মাসে ট্যাংরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে পুলিশ ষড়যন্ত্র (১২০বি), মাদক খাওয়ানো (৩২৮), ধর্ষণ (৩৭৬), শ্লীলতাহানি (৩৫৪), নারী পাচার (৩৭০) সহ ইমমরাল অ্যাক্টের ৩, ৪, ৫ ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারায় মামলা দায়ের করে।

অভিযোগ গুরুতর এবং স্পর্শকাতর হওয়ায় মামলার তদন্তভার থানার হাত থেকে লালবাজারের অ্যান্টি হিউম্যান ট্রাফিক ইউনিটের গোয়েন্দাদের হাতে তুলে দেওয়া হয়। এই তদন্ত চলাকালীন ওই তরুণী ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন। তারপরই অভিযুক্তের বাবা-মাকে গ্রেপ্তার করেন গোয়েন্দারা।

পুলিসের কাছে লিখিত অভিযোগে ওই তরুণী জানিয়েছেন, বাবা-মা, বউদি, বোন, জামাইবাবু সহ পরিবারের জনা ১৫ সদস্য মিলে আমাকে দিয়ে জোর করে দেহ ব্যবসা করতে বাধ্য করত। কখনও বাড়িতে, আবার কখনও হোটেলে পাঠানো হতো আমাকে। প্রতিবাদ করলেও কোনও লাভ হয়নি। এমনকী কাস্টমারের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও রেকর্ডিং করা হয়েছিল পর্নোগ্রাফি তৈরির জন্য। যা কয়েকটি পর্ন সাইটে বিক্রিও করা হয়েছে। যদিও গোয়েন্দারা এই তদন্তে নেমে এখনও ভিডিও ফুটেজ উদ্ধার করতে পারেননি।