করোনাভাইরাসে প্রথম আক্রান্ত অঞ্চল চীনের উহান থেকে বৃহস্পতিবার ২৩ বাংলাদেশিকে ভারতের দিল্লিতে নেয়া হয়েছে। ঢাকার ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের বরাতে জানা গেছে ভারতীয় একটি বিশেষ বিমানে উহান থেকে দিল্লিতে নেয়া হয়েছে ওই বাংলাদেশিদের।

এর আগে, চলতি মাসের শুরুতে এয়ার ইন্ডিয়ার দুটি বিশেষ বিমানে করোনাভাইরাসের উৎস চীনের উহান শহর থেকে ৬৪৭ ভারতীয় দেশে ফেরেন। এরপরও যারা আটকা ছিলেন সেই ভারতীয়দের ফেরত আনার অনুমতি দিতে চীন ইচ্ছা করেই দেরি করছিল বলেও অভিযোগ ছিল ভারতের।

এর আগে চীনে থাকা বাংলাদেশিদের বিষয়ে সর্বশেষ পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন জানান, চীন খুবই দায়িত্বশীলতার সঙ্গে চীনে থাকা বাংলাদেশি প্রবাসীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে। হুবেই প্রদেশে এখনও আটকে থাকা কিছু বাংলাদেশিকে ফিরিয়ে আনতে চীন সম্মত হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি চীনের উহান থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে সর্বমোট ৩১২ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। তাদের মধ্যে প্রাপ্তবয়স্ক ২৯৭ জন, এক বছরের বেশি বয়সী ১২ জন ও এক বছরের নিচে তিনজন।
উল্লেখ্য, উহান ফেরত ২৩ বাংলাদেশিকে দিল্লিতে নিয়মমাফিক কোয়ারেন্টাইনে রাখা হবে বলে উল্লেখ করা হয় ভারতীয় হাইকমিশনের ওই পোস্টে।

