সহিংসতায় ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা কেজরিওয়ালের


সহিংসতায় ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা কেজরিওয়ালের

ভারতে নাগরিকত্ব সংশোধনী (সিএএ) আইনকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদীদের আক্রমণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী এ ঘোষণা দেন বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের রাজধানী দিল্লিতে এ পর্যন্ত ৩৫ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের পরিবারকে ১০ লাখ ও নিহত নাবালক পরিবারকে ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা দেয়া হবে।

দিল্লি সরকারের ঘোষণা অনুযায়ী, সহিংসতায় যারা পিতা-মাতাকে হারিয়েছেন, তারা পাবেন ৩ লাখ রুপি করে। যাদের ঘরবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে তারা পাবে ৫ লাখ করে রুপি। মালামাল ক্ষতির জন্য ভাড়াটিয়ারা পাবেন ১ লাখ এবং মালিকরা পাবেন ৪ লাখ।

যাদের ঘরবাড়ি সম্পূর্ণ পোড়েনি কিন্তু মালামালের ক্ষতি হয়েছে তারা আড়াই লাখ, যাদের দোকান-পাট লুট করে নেয়া হয়েছে তারা ৫ লাখ এবং যাদের ঘরবাড়ি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে জরুরি ভিত্তিতে ২৫ হাজার রুপি করে দেয়া হবে বলে জানিয়েছেন কেজরিওয়াল।

সহিংসতায় যারা গৃহপালিত পশু হারিয়েছেন তারা পশুপ্রতি ৫ হাজার রুপি, সাধারণ রিকশা ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য ২৫ হাজার এবং যাদের ই-রিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা পাবেন।

এ বিষয়ে, মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেছেন, সহিংসতায় যারা স্থায়ীভাবে অক্ষম হয়ে গেছেন, তাদের প্রত্যেককে দেয়া ৫ লাখ রুপি। গুরুতর আহতরা পাবেন ২ লাখ। স্বল্প আহতরা ২০ হাজার রুপি করে পাবেন।