করোনার আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে, নিহতের সংখ্যা বেড়ে ২৮৩৫


করোনার আতঙ্ক বাড়ছে বিশ্বজুড়ে, নিহতের সংখ্যা বেড়ে ২৮৩৫

সম্প্রতি করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। চীন সহ ইরান, ইতালি, দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সেইসাথে আতঙ্ক বেড়েছে অন্য দেশগুলোতেও।

চীনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২৭ জন, এর মধ্যে প্রায় সবই হুবেইয়ে। দেশটিতে এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৯ হাজার ২৫১ জন।

চীনা কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত ভাইরাস আক্রান্ত ৩৯ হাজার ২ জনকে তারা চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুলেছেন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, শুক্রবার দেশটিতে করোনাআক্রান্ত ৪৭ জন মারা গেছেন। এর মধ্যে দুটি বাদে সবগুলোই ভাইরাসের উৎপত্তিস্থল হুবেই প্রদেশের। এখন পর্যন্ত দেশটিতে মোট মৃতের সংখ্যা ২ হাজার ৮৩৫ জন।

এছাড়াও, চীনের বাইরে অন্তত ৮৭ জন করোনায় আক্রান্তে মারা গেছেন।

ইউরোপের মধ্যে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত ৮৮৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন ২১ জন।

এছাড়া, দক্ষিণ কোরিয়ায় শুক্রবার নতুন করে ৫৯৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৩১ জন, যা চীনের বাইরে সর্বোচ্চ। দেশটিতে ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন।

ইরানে করোনাভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি দাবি করেছে, করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে অন্তত ২১০ জনের মৃত্যু হয়েছে।

সূত্র: সিএনএন