তুরস্কের চালানো ড্রোন হামলায় সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে অন্তত ২৬ সেনা নিহত হয়েছে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার সিরিয়ার বিমান হামলায় ৩৩ জন তুর্কি সেনা নিহত হওয়ার জবাবে এই হামলা চালানো হয়েছে।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে, গতকাল তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান সিরিয়ার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার হুমকি দিয়েছিলেন।
ইদলিব পরিস্থিতি নিয়ে রাশিয়া এবং তুরস্কের মধ্যে কূটনৈতিক তৎপরতা চলছে। কিন্তু মস্কো এবং আঙ্কারা অনেক বেশি মুখোমুখি অবস্থানে চলে গেছে।
এদিকে, রাশিয়ার প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। তিনি রাশিয়ার সঙ্গে তার দেশের সম্ভাব্য সামরিক সংঘাতের দিকে ইঙ্গিত করে মস্কোকে বলেছেন, তুর্কি সেনাদের সামনে থেকে সরে দাঁড়ান।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইদলিব প্রদেশে সিরীয় সেনাদের দুটি অবস্থানে তুর্কি ড্রোন থেকে হামলা চালালে ২৬ সেনা নিহত হয়।

