তার নাম এডওয়ার্ড মাইকেল বেয়ার গ্রিলস। বর্তমান পৃথিবীর অন্যতম বিস্ময়মানব, সুপারহিরোও বলা চলে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অ্যাডভেঞ্চার শো ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’-এ তার অবিশ্বাস্য সব স্টান্ট, ঝুঁকি নেওয়ার ক্ষমতা, অদম্য সাহস, বেঁচে থাকার জন্য অনায়াসে বিভিন্ন অখাদ্য-কুখাদ্য গিলে ফেলার ক্ষমতা তাকে পরিণত করেছে রহস্যময় ব্যক্তিতে।
এই অদম্য পরিবেশে বেছে থাকার জন্য কি না খেতে হয় গ্রিলসকে। কাচা মাছ থেকে কাঁকড়া বিছে, টিকটিকি থেকে শুয়োপোকা, সাপ অথবা গিরগিটি; কিছুই বাদ দেন না এই অভিযাত্রী। আর এই অভিযাত্রী যখন তার প্রিয় খাবারের রেসিপি বলেন তখন তো একটু আতংকিত হতেই হয়।
তবে আতংকিত হওয়ার কিছুই নেই। বেয়ার শুঁয়োপোকার স্যুপ বা সাপের কাবাবের রেসিপি দেননি। তাহলে আসুন দেখে নেয়া যাক বেয়ারের দুটি প্রিয় খাবারের রেসিপি।
থাই কারি
বেয়ার গ্রিলসের অন্যতম প্রিয় ‘থাই কারি রেসিপি’তে রয়েছে তাজা উপকরণে তৈরি কারি সস। এ রেসিপিতে পছন্দমতো যেকোনো সবজি জুড়ে দেয়া যাবে। বেয়ার গ্রিল তার তালিকায় রেখেছেন মিষ্টি আলু ও ব্রোকলির মতো রঙিন সবজি।
যা যা লাগবে,
কারি সসের জন্য:
কাঁচামরিচ বা লাল মরিচ ৩টি
রসুন ৬ কোয়া
ফ্রেশ লেমনগ্রাস স্টিক ২টি
আদা এক টুকরো (৪ সেন্টিমিটার আকারের)
লেবুর রস গোটা ১টি লেবু
লেবুর খোসা কুচি ২ টেবিল চামচ
পেঁয়াজ পাতা কুচি ২টি স্টিক
পেঁয়াজ কুচি ছোট ১টি
সয়াসস ২ চা চামচ
ধনেপাতা কুচি (ডাঁটাসহ) ৬ টেবিলচামচ
জিরা গুঁড়ো এক চিমটি
নারকেল তেল বা অলিভ অয়েল (ভাজার জন্য)
গোল মরিচ স্বাদের জন্য
সবজির জন্য:
ব্রোকলি ২০০ গ্রাম
মিষ্টি আলু ২০০ গ্রাম (কিউব করে কাটা)
বেগুন ২০০ গ্রাম (কিউব করে কাটা)
মাশরুম স্লাইস ৪-৬টি
মটরশুঁটি ২০০ গ্রাম
নারকেলের দুধ দেড় কাপ
চিনি ১ চা চামচ
ধনেপাতা কুচি ১/৪ কাপ
প্রস্তুত প্রণালি
তেল (নারকেল তেল বা অলিভ অয়েল) বাদে কারি পেস্টের সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে পেস্ট তৈরি করে একপাশে রেখে দিন। এবার একটি প্যানে তেল গরম করুন। কারি পেস্ট প্যানে ঢেলে মাঝারি আঁচে নাড়তে থাকুন কয়েক মিনিট। অর্থাত্ ফ্লেভার বের হওয়া পর্যন্ত। পেস্ট যেন পুড়ে না যায়। এর পর ধনেপাতা বাদে সব সবজি প্যানে ঢেলে দিন। ২ মিনিট নেড়ে যোগ করুন নারকেলের দুধ। আঁচ মাঝারি রেখেই প্যানের ওপর ঢাকনা বসিয়ে কিছুক্ষণ ফুটতে দিন। চিনি যোগ করে ফের ঢাকনা দিয়ে চুলায় রাখুন সবজি মাখা মাখা হয়ে যাওয়া পর্যন্ত। হয়ে গেলে নামিয়ে সবজির ওপর ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন। রেসিপিতে বাড়তি প্রোটিন যোগ করতে চাইলে কারি পেস্ট কষানোর সময় তার সঙ্গে চিংড়ি ও মুরগির মাংসের টুকরো দিয়ে নিতে পারেন। অথবা সবজি হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে একমুঠো ছোলা সিদ্ধ দিয়ে নেড়েচেড়ে নেয়া যেতে পারে।
রান্নার সুবিধার্থে ইচ্ছে হলে কারি পেস্ট একটু বেশি পরিমাণে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। কয়েক সপ্তাহ ভালো থাকবে।
এছাড়া নিজেকে ফিট রাখতে সুঠাম টিভি সারভাইভালিস্ট বেয়ার গ্রিলের ব্রেকফাস্ট লিস্টে রয়েছে কয়েক প্রকার বাদাম দিয়ে তৈরি পুষ্টিকর স্মুদি। আসুন দেখে নেয়া যাক এই স্মুদি বানাতে কি কি লাগছে;
বাদামের স্মুদি
যা যা লাগবে
কয়েক ধরনের বাদাম ১ কাপ (কাজু, আমন্ড, আখরোট ইত্যাদি)
খেজুর ২টি
ভেনিলা ২-৩ ফোঁটা
পাকা কলা ১টি
দুধ দেড় কাপ (আমন্ড বা নারকেল দুধ)
দারচিনি গুঁড়ো ১ চিমটি
বরফ কুচি ইচ্ছে
প্রস্তুত প্রণালি
খেজুর বিচি ছাড়িয়ে ছোট ছোট টুকরো করুন। এর পর সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে মিহি হয়ে যাওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। প্রয়োজনমতো বরফ দিয়ে স্বাদ নিন ব্রেকফাস্টের জন্য তৈরি পারফেক্ট বাদাম স্মুদির।
