বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সুপারহিরো খ্যাত মাশরাফি বিন মুর্তজা ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজই অধিনায়ক হিসেবে তার শেষ সিরিজ।
প্রিয় অধিনায়কের এ বিদায়ে দেশের অনেক ভক্তের মত আবেগ আপ্লুত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সাকিব।
সাকিব লিখেছেন, সত্যিকারের নেতা এবং যোদ্ধা বলতে যা বোঝায় আপনি আমাদের কাছে তার দৃষ্টান্ত হয়ে থাকবেন সব সময়। বহু প্রতিবন্ধকতা সত্ত্বেও, আপনি উৎসাহ যুগিয়েছেন আমাদের। শিখিয়েছেন নিজেদের প্রতি বিশ্বাস রাখতে। আপনার থেকেই শিখেছি গৌরব আর সম্মানের সাথে দেশের জার্সি পরে কিভাবে মাঠে লড়তে হয়। নিঃসন্দেহে আমরা দারুণ কিছু সময় কাটিয়েছি মাঠে, কাটাবো সামনের দিনগুলোতেও। নিজের উদ্যমে যেভাবে আমাদের প্রেরণা দিয়েছেন আর প্রতিটা মুহূর্ত পাশে থেকে দল হিসেবে সামনে এগিয়ে যেতে সাহায্য করার ব্যাপারটা ভুলবোনা কখনোই। বিনয় আর সম্মানের সাথে টিম টাইগার্স আর প্রিয় জাতীয় পতাকাকে বিশ্বের বুকে উঁচিয়ে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। হয়তো আমাদের নেতৃত্বের দায়িত্ব ছেড়ে দিচ্ছেন কিন্তু আমাদের সবার প্রিয় ‘মাশরাফি ভাই’ হয়ে সারাটা জীবন থাকবেন আমাদেরই মাঝে। সব সময়ই যেন আমাদের জন্য আপনার সেরাটা দিতে পারেন এই শুভকামনা জানাচ্ছি।
মাশরাফির নেতৃত্বে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফি ফাইনাল খেলেছিল বাংলাদেশ। তার দুই বছর আগে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে তার দল। ২০১৪ সালের নভেম্বরে তৃতীয়বার বাংলাদেশের অধিনায়কত্ব পান মাশরাফি। তার নেতৃত্বে বাংলাদেশ ওয়ানডে খেলেছে ৮৭টি, জয় ৪৯ ম্যাচে আর হার ৩৬টি। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ২৮ ম্যাচে ১০টি জিতেছেন মাশরাফি। একটি টেস্টেই নেতৃত্ব দেন তিনি, ২০০৯ সালে কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওই ম্যাচটি জিতেছিল বাংলাদেশ।

