দেশে নতুন করে কোনো প্রাণঘাতী করোনো ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
সোমবার (০৯ মার্চ) মহাখালীর আইইডিসিআর কার্যালয়ে ব্রিফ করে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, বিদেশ থেকে আসলেই কিন্তু আক্রান্ত নয়। অনেকেই বাইরে থেকে আসলে ভিন্ন আচরণের শিকার হচ্ছেন। বাড়ির লোকজন প্রতিবেশি তাদের সঙ্গে ভিন্ন আচরণ করছেন। এমন আচরণ করলে তাদের বাইরে থাকতে হবে। তাহলে এ রোগ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, দেশে ৩ জন করোনায় আক্রান্ত এ খবর দেওয়ার পর আইইডিসিআরের হটলাইনে বোরবার বিকাল থেকে এ পর্যন্ত ৫০৯টি কল এসেছে। এর মধ্যে ৪৭৯ কল করোনা সংক্রান্ত। আইইডিসিআরে সরাসরি এসেছেন ১৮ জন। ৪ জনের শরীরের নমুনা নিয়েছি, তারা কেউ আক্রান্ত না। করোনা আক্রান্ত তিন জন সুস্থ আছেন।
আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে ফ্লোরা বলেন, বিদেশ থেকে এসে যারা বাড়িতে যাচ্ছেন বা বাড়ির মালিকরা ভাড়াটিয়াদের সঙ্গে বাজে আচরণ করবেন না। কারণ, তারা বাইরে থাকলে এটি ছড়িয়ে যাবার আশঙ্কা বেড়ে যাবে। তাই এ বিষয়ে সবাইকে সহযোগিতার মনোভাব রাখতে হবে।

