করোনার কারণে সৌদি আরবগামী বাহরাইনে আটকা পড়লেন ৬৮ বাংলাদেশি


soudiarob#paperslife

ট্রানজিট যাত্রী হিসেবে বাহরাইনে অবতরণ করেন সৌদি আরবগামী ৬৮ বাংলাদেশি। সংযোগ ফ্লাইটে তাদের কর্মস্থল সৌদি আরবে যাওয়ার কথা ছিল। কিন্তু করোনাভাইরাসের কারণে যাতায়াত বন্ধ করায় বাহরাইন বিমানবন্দরে আটকা পড়েছেন তারা।

বাহরাইনের স্থানীয় সময় সোমবার (৯ মার্চ) ভোর সোয়া পাঁচটার দিকে গালফ এয়ারের একটি ফ্লাইটে করে ট্রানজিট যাত্রী হিসেবে বাংলাদেশের এই নাগরিকেরা বাহরাইনে অবতরণ করেন। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাহরাইনসহ ১৪টি দেশ থেকে সব ধরনের আকাশপথ, স্থলপথ ও নৌপথে যোগাযোগ স্থগিত করে সৌদি আরব। ফলে এই ৬৮ বাংলাদেশি বাহরাইন বিমানবন্দরে আটকা পড়েন।

ওই ৬৮ যাত্রীর মধ্যে কেউ তাঁদের মধ্যে নতুন ভিসায় ও কেউ দেশে ছুটি কাটিয়ে নিজ কর্মস্থলে ফিরছিলেন বলে জানা গেছে।

আটকে পড়া বাংলাদেশি মোহাম্মদ খোরশেদ বলেন, তিনি ১০ বছর সৌদি আরব আছেন। তিন মাসের ছুটিতে বাংলাদেশে যান। বর্তমান ভিসার মেয়াদ মাত্র চার দিন বাকি আছে। এ সময় এই বিড়ম্বনায় চরম উৎকণ্ঠার মধ্যে আছেন।

যশোরের মাহফুজা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, তিনি লক্ষাধিক টাকা ঋণ নিয়ে কাজের জন্য প্রথমবারের মতো সৌদি আরব যাচ্ছেন। কিন্তু এখন দেশে ফিরে গেলে ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। এমনটা হলে ভিটেমাটি বিক্রি করা ছাড়া আর পথ দেখছেন না তিনি।

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসীহ বলেন, যেহেতু মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের থেকে সৌদি আরবের ফ্লাইট বন্ধ, সেহেতু সৌদি আরবে কেউ ফেরত আসতে চাইলে সরাসরি ঢাকা থেকে সৌদি আরব এলে কোনো ধরনের সমস্যা হবে না। অন্যথায় তাঁরা ভোগান্তিতে পড়তে পারেন।