আগামী বৃহস্পতিবার (১২ মার্চ) দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা-মাওয়া-ভাঙ্গা অংশ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জানা যায়, একইদিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় কর্ণফুলী সেতু নির্মাণ (সংশোধিত) প্রকল্পের আওতায় ৬ লেনবিশিষ্ট ৮ কিলোমিটার কর্ণফুলী (শাহ আমানত শাহ সেতু) সেতুর এপ্রোচ সড়ক এবং ওয়েস্টান বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় খুলনা, বরিশাল ও গোপালগঞ্জ সড়ক জোনে নির্মিত ২৫টি সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সেইসাথে ঢাকা-খুলনা মহাসড়কের (এন-৮) যাত্রাবাড়ী ইন্টারসেকশন থেকে (ইকোরিয়া বাবু বাজার লিংঙ্ক রোডসহ) মাওয়া পর্যন্ত এবং পাঁচ্চর থেকে ভাঙ্গা পর্যন্ত ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেনসহ চার লেনে উন্নয়নের নির্মিত কাজের উদ্বোধন করা হবে।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাবিরুল ইসলাম খান জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই এক্সপ্রেসওয়ে উদ্বোধন করবেন।
সূত্র : ইউএনবি

