দেশে করোনা আক্রান্ত একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন


flora#paperslife

দেশে করোনা আক্রান্ত তিনজনের মধ্যে একজন সুস্থ হয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছেন। এই তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ-নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আক্রান্ত তিনজনের দুজন করোনামুক্ত হয়েছেন, তাদের একজন হাসপাতাল ছুটি নিয়ে বাড়ি চলে গেছেন। আরেকজনের পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে থাকায় তিনি সুস্থ হলেও এখনও হাসপাতালে রয়েছেন।

শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে স্বাস্থ্য অধিদফতরের নতুন ভবনে ডা. ফ্লোরা জানান, করোনাভাইরাসে আক্রান্ত তৃতীয় রোগী এখনও ভাইরাসমুক্ত হননি, তার চিকিৎসা চলছে। করোনা ভাইরাসে আক্রান্ত নতুন কেউ আর শনাক্ত হয়নি। আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

তিনি আরো বলেন, আমরা অনুরোধ করব, যাদের শরীরে করোনার লক্ষণ আছে, আক্রান্ত দেশ থেকে এসেছেন তারা যেন আইইডিসিআরে সরাসরি চলে না আসেন। তারা হটলাইনে কল করুন। আমরা বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করব। ইমেইল ও ফোনে রিপোর্ট জানিয়ে দেব।