লন্ডন বাদে ইউরোপের কোনও দেশ থেকে যাত্রী আনতে পারবে না কোনও এয়ারলাইন্স। এরপরও যদি কোনও এয়ারলাইন্স যাত্রী নিয়ে আসে তবে তাদের নিজ খরচেই সেই যাত্রীকে ফেরত পাঠাতে হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।
রবিবার (১৫ মার্চ) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর মো. খালিদ হোসেন, সদস্য (এটিএম) গ্রুপ ক্যাপ্টেন আবু সাঈদ মেহবুব খান, সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর।
জানা যায়, সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টা থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত যাত্রী আনতে পারবে না এয়ারলাইন্সগুলো। মফিদুর রহমান বলেন, করোনার প্রভাবে ফ্লাইট কমে গেছে সেইসাথে দিনে প্রায় ৩৫ লাখ টাকা কম রাজস্ব আয় হচ্ছে।

