সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চারজন চিকিৎসককে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। জানা যায়, ঢামেক হাসপাতালে নিউমোনিয়া, জ্বর, ঠান্ডা, কাশি নিয়ে প্রচুর রোগী প্রতিদিন আসছেন।
এদের মধ্যে কয়েকজন রোগীর বক্তব্য শোনার পর তাদের ঢামেকের বাইরে সরকারের বরাদ্দ করা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছিল।
সেখানে ওই রোগীদের করোনাভাইরাস ধরা পড়ে। তাদের যেসব চিকিৎসক চিকিৎসা দিয়েছেন এমন চারজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। চারজনই ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক।
ঢামেকের অধ্যক্ষ খান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসক ও অধ্যাপকদের মধ্যে একটি বৈঠকে চিকিৎসকদের নিজ নিজ নিরাপত্তা নিশ্চিত করে চিকিৎসা দিতে বলা হয়েছে।
বৈঠক শেষে ঢামেকের এক অধ্যাপক সাংবাদিকদের বলেন, আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা সামান্য জ্বর-কাশি হলে হাসপাতালে না এসে ঘরে থেকে পর্যবেক্ষণ করুন।

